Logo

জাতীয় সংসদে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে শ্রদ্ধা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই, ২০২৬, ২০:১৭
জাতীয় সংসদে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে একজন প্রজ্ঞাবান সংসদীয় ব্যক্তিত্ব, সফল আইনজীবী এবং ভদ্র ও সজ্জন মানুষ হিসেবে স্মরণ করেছে জাতীয় সংসদ। শোক প্রস্তাবের ওপর আলোচনায় সরকার ও বিরোধী দলের সদস্যরা বলেন, তিনি কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, বরং নিজেই ছিলেন একটি অনন্য প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

রবিবার (১২ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ২৩তম কার্যদিবসে তার মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টায় অধিবেশন শুরু হয়।

আলোচনায় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন নিজের যোগ্যতা ও পরিশ্রমে প্রতিষ্ঠিত একজন ব্যক্তিত্ব। তিনি কখনো নির্বাচনে পরাজিত হননি এবং গণতান্ত্রিক মূল্যবোধে সবসময় অবিচল ছিলেন।

তিনি আরও বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দলের প্রতি অনুগত ছিলেন এবং বিশ্বাস করতেন, নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন অত্যন্ত মার্জিত ও সুশীল মানুষ। তিনি সবার সঙ্গে সম্মানজনক আচরণ করতেন। প্রচলিত রীতি অনুযায়ী তাকে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণেই দাফন করা হবে বলেও জানান তিনি।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক সংকটের সময় তিনি দলের নেতাদের পক্ষে আদালতে আইনি সহায়তা দিয়েছেন। সম্মানী দেওয়ার প্রস্তাব করা হলেও তিনি তা গ্রহণ করেননি এবং এটিকে নিজের নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রবীণ রাজনীতিবিদ ড. খন্দোকার মোশাররফ হোসেন বলেন, আদালতপাড়ায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন অত্যন্ত পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব। মক্কেলদের প্রতি তার আন্তরিকতা ও দায়িত্ববোধ ছিল অনুকরণীয়।

আলোচনা শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, দেশ একজন সৎ, দক্ষ ও অভিজ্ঞ রাজনীতিককে হারিয়েছে। স্পিকার হিসেবে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সংসদের কার্যক্রম পরিচালনা করেছেন এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি।

শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD