পদত্যাগ দাবিতে আন্দোলনে পরীক্ষার্থীরা, যা বললেন শিক্ষামন্ত্রী

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। এ পরিস্থিতিতে নিজের পদত্যাগের দাবির বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে এখন কোনো সাক্ষাৎকার দেবেন না। সংসদে প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে বক্তব্য দেওয়ার পর প্রয়োজন হলে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরা ও সায়েন্সল্যাব মোড়ে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ ব্যানারে শিক্ষার্থীরা সমবেত হয়ে তিন দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। একই সময়ে রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, রংপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলাতেও আন্দোলন হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো হলো—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করা।
বিক্ষোভ শেষে একদল শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হলে পথে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এই কর্মসূচিতে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নেন।








