শিক্ষাবোর্ড ঘুরে ফের সায়েন্সল্যাবে অবস্থান পরীক্ষার্থীদের

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচি শেষে আবারও রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন। তাদের অবস্থানের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা পুনরায় সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এ এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
অবস্থান কর্মসূচির সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সকাল থেকে ধারাবাহিকভাবে আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ তাদের সঙ্গে আলোচনায় বসেননি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আন্দোলনে অংশ নেওয়া ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী মো. আবদুল্লাহ বলেন, এবারের পরীক্ষার রুটিনে কঠিন বিষয়গুলোর মধ্যে পর্যাপ্ত বিরতি রাখা হয়নি। তার অভিযোগ, শিক্ষামন্ত্রী একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ায় পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বারবার দাবি উপেক্ষিত হওয়ায় তারা পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন। পাশাপাশি প্রধান উপদেষ্টার প্রতি বর্তমান শিক্ষামন্ত্রীকে অপসারণ করে একজন যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শওকত আলী। তিনি শিক্ষার্থীদের দাবিগুলো লিখিত আকারে জমা দিয়ে প্রতিনিধি দলের মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন।
তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। তাদের ভাষ্য, দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে নির্দিষ্ট সময়সীমা ও স্পষ্ট প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত সায়েন্সল্যাবে তাদের অবস্থান কর্মসূচি চলবে।








