Logo

পরীক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই, ২০২৬, ১৮:৪৮
পরীক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
ছবি: সংগৃহীত

চলমান বন্যা ও দুর্যোগ পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা ঘিরে সৃষ্ট জটিলতায় আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীদের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং দুর্যোগ মোকাবিলায় সরকার তাদের চেয়েও বেশি উদ্বিগ্ন। কোথাও প্রশাসনিক ত্রুটি বা অনিয়মের কারণে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলে আইন অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ ও সরকারের করণীয় সম্পর্কে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, বর্ষাকালে পরীক্ষা আয়োজন নিয়ে সরকারও শুরু থেকেই সতর্ক ছিল। সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনুকূল আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরিস্থিতির অবনতি হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, কোনো পরীক্ষাকেন্দ্রে পানি প্রবেশের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনের সহায়তায় দ্রুত বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

কুমিল্লাসহ বিভিন্ন এলাকার পরিস্থিতির কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কোথাও সাময়িকভাবে সমস্যা দেখা দিলেও দ্রুত তা সমাধান করা হয়েছে এবং পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হয়েছে। এরপরও যদি প্রশাসনের অবহেলার কারণে কেউ পরীক্ষায় অংশ নিতে না পারে বা ক্ষতির মুখে পড়ে, তাহলে বিষয়টি যাচাই-বাছাই করে সেখানে পুনঃপরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, সরকারের কাছে পর্যাপ্ত বিকল্প প্রশ্নপত্র প্রস্তুত রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যেভাবে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, একইভাবে প্রয়োজন হলে অন্য ক্ষতিগ্রস্ত এলাকাতেও পুনরায় পরীক্ষা আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আন্দোলনের পরিবর্তে পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। দেশের ভবিষ্যৎ হিসেবে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সরকার সর্বোচ্চ আন্তরিক। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে তাদের ক্ষতি কমাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD