সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

চলমান বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো নতুন প্রশ্নপত্রে পুনরায় নেওয়া হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে সম্প্রতি তার একটি ‘ব্যক্তিগত মন্তব্য’ ঘিরে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ওপর আনা সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
সংসদে শিক্ষামন্ত্রী বলেন, চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলাগুলোতে বন্যার কারণে পরীক্ষা স্থগিত করতে হয়েছে এবং এই পরীক্ষাগুলো পুনরায় নিতেই হবে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা নানা ধরনের দাবি ও অভিযোগ জানালেও মন্ত্রণালয় শুরু থেকেই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। সার্বিক বিষয় বিবেচনা করে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে, চট্টগ্রাম বোর্ডের জন্য যখন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা এবং হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা অন্য আরেকটি প্রশ্নপত্র সেটে নেওয়া হবে, ঠিক সেই সময়েই স্থগিত হওয়া পরীক্ষাগুলো পুনরায় নেওয়ার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বক্তব্যের একপর্যায়ে শিক্ষামন্ত্রী সাম্প্রতিক সময়ে তার একটি ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হওয়া সমালোচনার বিষয়েও কথা বলেন। তিনি জানান, কাউকে উদ্দেশ্য করে বা কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে তিনি ওই মন্তব্য করেননি।
তিনি আরও বলেন, তার ব্যক্তিগত মন্তব্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কিংবা আহত বোধ করে থাকেন, তাহলে তিনি সে জন্য দুঃখ প্রকাশ করছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বিষয়টি নিয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান হবে এবং সবাই পরিস্থিতিকে ইতিবাচকভাবে দেখবেন।








