জাতীয় সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে অবস্থানরত শিক্ষার্থীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করে।
বিজ্ঞাপন
এর আগে টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে অবস্থান নেন।
দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন শেষে বিকেল পৌনে ৬টার দিকে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সংসদ ভবনের সামনে পৌঁছান।
সকালে সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা প্রথমে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন। প্রায় ৪৫ মিনিট পর দুপুর ১২টা ১৫ মিনিটে অবরোধ তুলে মিছিল নিয়ে নিউমার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরে পুলিশের অনুরোধে সেখান থেকে সরে গিয়ে কিছু সময় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর দুপুরের পর আবারও সায়েন্সল্যাব মোড়ে ফিরে দ্বিতীয় দফায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে যাত্রা শুরু করেন।
সায়েন্সল্যাব থেকে বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিলটি সংসদ ভবনের দিকে অগ্রসর হলে আসাদ গেট এলাকায় পুলিশ ব্যারিকেড দেয়। তবে শিক্ষার্থীরা সেই ব্যারিকেড অতিক্রম করে দক্ষিণ প্লাজার সামনে গিয়ে অবস্থান নেন।
বিজ্ঞাপন
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।








