দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, নতুন সূচি প্রকাশ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরায় সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুরে পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরার বিএনএস সেন্টার এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা জড়ো হন। পরে তারা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয় অভিমুখে লংমার্চের প্রস্তুতি নেন।
বিজ্ঞাপন
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদেই তারা এ কর্মসূচি পালন করছেন।
উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী শেখ রিফাত বলেন, বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকার অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারছেন না। এতে তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। তাই চলমান পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশসহ তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে শিক্ষার্থীদের অবস্থান ও মিছিলকে কেন্দ্র করে উত্তরার বিএনএস সেন্টার, আজমপুর, জসিমউদ্দীন এবং আশপাশের সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। কয়েকটি স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এর আগে একই দাবিতে রাজধানীর সায়েন্সল্যাবসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সচিবালয় অভিমুখে লংমার্চের ডাক দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে উত্তরা ও সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।








