এইচএসসি পরীক্ষার প্রশ্নে ভুল, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

চলতি বছরের এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ধরা পড়ায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। মঙ্গলবার (১৪ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস ইয়াছমীনের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
নোটিশে উল্লেখ করা হয়, ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে গুরুতর ত্রুটি ও অসংগতি পাওয়া গেছে। এর ফলে পরীক্ষার হলে শিক্ষার্থীরা মানসিক চাপে পড়েন এবং পরীক্ষা কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ে।
একজন দায়িত্বশীল শিক্ষক ও প্রশ্নপত্র পরিশোধকের কাছ থেকে এমন ভুল চরম দায়িত্বহীনতা এবং পেশাগত অবহেলার শামিল। একই সঙ্গে এ ঘটনায় সিলেট শিক্ষা বোর্ডের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নোটিশে সংশ্লিষ্ট চার শিক্ষককে তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে প্রশ্নপত্র পরিশোধনে এমন গুরুতর ত্রুটির জন্য কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
যাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তারা হলেন— শ্রীমঙ্গল সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান এবং সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন।








