সড়ক থেকে ফিটনেসবিহীন যান দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশদূষণকারী যানবাহন দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করতে আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা দ্রুত চালুর নির্দেশনাও দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
শনিবার (১৮ জুলাই ২০২৬) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে রাজধানীর বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে গ্রহণযোগ্য পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শহরের পরিবেশগত মান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিশেষ করে ইটভাটা থেকে সৃষ্ট বায়ুদূষণ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর জোর দেন এবং প্রচলিত দূষণকারী পদ্ধতির পরিবর্তে আধুনিক ও পরিবেশসম্মত প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান।
বিজ্ঞাপন
রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহারের কারণে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণ নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোরভাবে আইন প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া, ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার মতো প্রযুক্তি ব্যবহার করে হর্ন নিয়ন্ত্রণের সম্ভাবনাও বৈঠকে পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী রাজধানীর যানজট কমানো এবং সড়ক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দ্রুততম সময়ে অন্তত ৫০টি নতুন পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট স্থাপনের নির্দেশ দেন। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এ বিষয়ে দ্রুত বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।








