Logo

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই, ২০২৬, ১৯:৫৯
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) পাঠানো এক অভিনন্দনপত্রে তিনি অ্যান্ডি বার্নহ্যামকে লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়া এবং যুক্তরাজ্যের (গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড) প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

চিঠিতে তারেক রহমান বলেন, বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং ব্যক্তিগতভাবে তার পক্ষ থেকে এই অভিনন্দন জানানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, এই নির্বাচন যুক্তরাজ্যের জনগণ ও লেবার পার্টির পক্ষ থেকে বার্নহ্যামের নেতৃত্বের প্রতি আস্থারই প্রতিফলন।

তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুক্তরাজ্য শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও টেকসই উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে এবং বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অভিনন্দন বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ, কমনওয়েলথের নীতি এবং দুই দেশের জনগণের ঘনিষ্ঠ যোগাযোগের ভিত্তিতে গড়ে উঠেছে। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন ও সাংস্কৃতিক বিনিময়সহ নানা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ধারাবাহিকভাবে বিস্তৃত হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তারেক রহমান আরও উল্লেখ করেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসী সম্প্রদায় দুই দেশের মধ্যে বন্ধুত্বের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে এবং উভয় দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে উল্লেখযোগ্য অবদান রাখছে।

চিঠিতে তিনি দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য অ্যান্ডি বার্নহ্যামকে আমন্ত্রণ জানান।

বার্তার শেষে নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দায়িত্ব পালনে সাফল্য এবং যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তারেক রহমান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সোমবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যান্ডি বার্নহ্যাম।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD