Logo

৫ আগস্টে পোশাক কারখানায় ছুটি নিয়ে যা জানাল বিজিএমইএ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট, ২০২৬, ১৭:০৭
৫ আগস্টে পোশাক কারখানায় ছুটি নিয়ে যা জানাল বিজিএমইএ
ছবি: সংগৃহীত

আগামী ৫ আগস্ট পালিত হবে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিনটি উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি পোশাক কারখানায় ছুটি থাকবে কি না—এ নিয়ে শ্রমিক ও সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) তাদের অনুমোদিত ছুটির তালিকায় স্পষ্ট নির্দেশনা দিয়েছে।

বিজ্ঞাপন

বিজিএমইএর প্রকাশিত চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে পোশাক শিল্পের শ্রমিকদের জন্য ছুটি নির্ধারণ করা হয়েছে। ফলে বিজিএমইএর আওতাভুক্ত পোশাক কারখানাগুলোতে দিনটি অনুমোদিত ছুটির অন্তর্ভুক্ত থাকবে।

সংগঠনটির ছুটির নীতিমালায় উল্লেখ করা হয়েছে, শ্রম আইন অনুযায়ী প্রতিটি শ্রমিককে বছরে ১৩ দিনের মজুরিসহ উৎসব ছুটি দিতে হবে। এসব ছুটির দিন ও তারিখ প্রযোজ্য বিধি অনুসারে কারখানা মালিক নির্ধারণ করবেন। সেই তালিকাতেই ৫ আগস্টকে গণঅভ্যুত্থান দিবসের ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে সরকারও ৫ আগস্ট উপলক্ষে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি অফিস-আদালতের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে অধিকাংশ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এদিন বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

তবে জরুরি ও জনসেবামূলক খাতের কর্মীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে না। হাসপাতাল, বিদ্যুৎ, পানি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, বিজিএমইএর ছুটির তালিকায় ৫ আগস্ট অন্তর্ভুক্ত থাকায় পোশাক শিল্পের শ্রমিকদের মধ্যে ছুটি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই দূর হয়েছে। তবে কোনো কারখানায় বিশেষ উৎপাদন বা রপ্তানি সংক্রান্ত প্রয়োজন দেখা দিলে শ্রম আইন ও প্রচলিত বিধি মেনে মালিকপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD