Logo

বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট, ২০২৬, ২১:২১
বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বন্যাকবলিত তিন উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রবিবার (৯ আগস্ট) তার এ সফর চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের সূচি এখন পর্যন্ত চূড়ান্ত রয়েছে এবং নির্ধারিত সময়েই তা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হতে যাচ্ছে তার প্রথম চট্টগ্রাম সফর। সফরকে ঘিরে চট্টগ্রাম জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। একই সঙ্গে ক্ষমতাসীন দল ও এর সহযোগী সংগঠনগুলোও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি গ্রহণ করেছে।

সফরকালে প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন এবং সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি হারানো গৃহহারা পরিবারগুলোর জন্য সরকারি উদ্যোগে নির্মিত নতুন বাড়িগুলো ক্ষতিগ্রস্তদের কাছে হস্তান্তর করবেন।

প্রশাসনের সূত্র জানিয়েছে, পুনর্বাসনের অংশ হিসেবে নির্মিত এসব নতুন বাড়ির কাজ ইতোমধ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত দিনে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে সংশ্লিষ্ট পরিবারগুলোর হাতে এসব ঘরের চাবি তুলে দেবেন। এ ছাড়া, তার এই সফরে দুর্গত এলাকার মানুষের সঙ্গে কথা বলা এবং সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ইতোমধ্যে উপযুক্ত স্থান নির্বাচন করে হেলিপ্যাড প্রস্তুতের কাজ চলছে। সফরের একটি উল্লেখযোগ্য অংশে তিনি পশ্চিম বাঁশখালী এলাকা পরিদর্শন করবেন এবং সেখানে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে ত্রাণ বিতরণ করবেন। একই এলাকায় সরকারি সহায়তায় পুনর্নির্মাণ করা ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে দলীয় প্রস্তুতিও জোরদার করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানিয়েছেন, সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণের জন্য তাকে এবং কমিটির সদস্যসচিবকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে ডাকা হয়েছিল। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তাকে স্বাগত জানানো এবং ত্রাণ বিতরণ কার্যক্রম সফল করতে স্থানীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। তবে সরকারের উচ্চপর্যায় থেকে বিস্তারিত ও চূড়ান্ত সরকারি কর্মসূচি পাওয়ার পর সেই অনুযায়ী সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD