Logo

১২ সদস্য নিয়ে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ আগস্ট, ২০২৬, ১২:১২
১২ সদস্য নিয়ে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ
ছবি: সংগৃহীত

বিরোধী দলের প্রতিনিধিরা এখনো সদস্য মনোনয়ন না দেওয়ায় ১২ সদস্যের কমিটি নিয়েই আজ প্রথমবারের মতো বৈঠকে বসছে জাতীয় সংসদের সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটি। প্রাথমিক এ বৈঠকে সদস্যদের পরিচিতি বিনিময় এবং ভবিষ্যৎ কার্যপরিকল্পনা নির্ধারণের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।

কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি গণমাধ্যমকে জানিয়েছেন, প্রথম বৈঠক মূলত পরিচিতিমূলক হবে। বৈঠকের আলোচ্য বিষয় এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত সিদ্ধান্ত বৈঠক শেষে জানা যাবে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, বিরোধী দল এখনো কমিটিতে প্রতিনিধি না পাঠানোয় আপাতত ১২ সদস্যের কমিটিই কার্যক্রম শুরু করছে। যদিও শুরুতে ১৭ সদস্যের কমিটি গঠনের পরিকল্পনা ছিল, বিরোধী দলের জন্য নির্ধারিত পাঁচটি পদ এখনো শূন্য রয়েছে।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয়ের একটি সূত্র জানায়, প্রথম দিনের বৈঠকে সদস্যদের পরিচিতি, কমিটির কার্যপরিধি এবং ভবিষ্যৎ বৈঠকের আলোচ্যসূচি নির্ধারণেই বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত ও কার্যকর আলোচনা দ্বিতীয় বৈঠক থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ১৩ জুলাই সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে সংবিধান সংশোধনের লক্ষ্যে বিশেষ কমিটি গঠন করা হয়। জাতীয় সংসদে কমিটির সদস্যদের নাম উপস্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং পরে কণ্ঠভোটে তা অনুমোদন পায়।

প্রাথমিকভাবে ১৭ সদস্যের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হলেও বিরোধী দলগুলোর পক্ষ থেকে সদস্যদের নাম জমা না পড়ায় ১২ সদস্য নিয়েই কমিটি গঠন করা হয়। সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর জন্য পাঁচটি পদ সংরক্ষিত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে কোনো সদস্যের নাম জমা দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

কমিটি গঠনের সময় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুসারে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল, জোট এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সংবিধান সংশোধন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ লক্ষ্যে বিরোধী দলগুলোর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে তারা কোনো সদস্যের নাম দেয়নি।

তিনি আরও জানান, বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়া গেলে সংরক্ষিত পাঁচটি পদ পূরণ করে কমিটিকে পুনর্গঠন করা হবে।

বর্তমানে কমিটিতে রয়েছেন চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন, শাকিলা ফারজানা ও মাহমুদুল হক রুবেল, গণসংহতি আন্দোলনের জোনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ জাতীয় পার্টির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের নুরুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. অলিউল্লাহ।

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কমিটির কার্যক্রম আগামী দিনগুলোতে জাতীয় রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করবে। বিরোধী দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত হলে আলোচনার পরিধি আরও বিস্তৃত হতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD