প্রথম দিনেই জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীর ভিড়, শেষ ৯০০ টিকিট

দীর্ঘ অপেক্ষার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। উদ্বোধনের পর প্রথম দিনেই জাদুঘরটি দেখতে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। নির্ধারিত ৯০০টি টিকিট অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাওয়ায় অনেকেই প্রবেশের সুযোগ না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকেই জাদুঘরের সামনে ছিল উৎসবমুখর পরিবেশ। পরিবার, বন্ধু ও সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে অনেকে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস জানতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে আসেন।
দর্শনার্থীদের কয়েকজন বলেন, জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবসের উদ্বোধনী দিনেই সীমিত সময়ের জন্য হলেও সাধারণ মানুষের জন্য জাদুঘরটি খুলে দেওয়া হলে ভালো হতো। দূর-দূরান্ত থেকে আসা অনেক দর্শনার্থী সেদিন প্রবেশের সুযোগ না পেয়ে হতাশ হয়েছেন। পাশাপাশি কেউ কেউ ৫০ টাকা প্রবেশমূল্য পুনর্বিবেচনারও দাবি জানিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রামপুরা থেকে আসা কামাল আহমেদ বলেন, জুলাই আন্দোলনের স্মৃতি কাছ থেকে দেখার জন্য তিনি জাদুঘরে এসেছেন। দূর-দূরান্ত থেকে অনেক মানুষ ব্যয় করে এখানে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, উদ্বোধনের দিন সীমিত সংখ্যক দর্শনার্থীর জন্য প্রবেশের সুযোগ রাখা হলে ভালো হতো।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সকাল ১১টা, দুপুর ১টা ও বিকেল ৪টা—এই তিনটি স্লটে ৩০০ জন করে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন।
প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। টিকিট কাউন্টার ছাড়াও অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা রয়েছে। অতিরিক্ত ভিড় এড়াতে দর্শনার্থীদের আগাম টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে সেই সময়ের আন্দোলন-সংগ্রাম সম্পর্কে ধারণা দিতে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র ও ভিডিওচিত্রের পাশাপাশি দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী এবং বিভিন্ন স্মারক প্রদর্শন করা হচ্ছে।
এর আগে বুধবার জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করেন। উদ্বোধনের দিন শুধু শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের জন্য জাদুঘরটি উন্মুক্ত রাখা হয়েছিল। পরদিন বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীদের প্রবেশের সুযোগ দেওয়া হয়।








