২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে বৃহস্পতিবার বিকেলেই গ্যাস সরবরাহ পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, সরবরাহ শুরু হলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এফএসআরইউয়ের মেরামতের কাজ বিকেলের মধ্যে শেষ হওয়ার কথা জানিয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, এরপর গ্যাস সঞ্চালন আবার শুরু হবে। সরবরাহ চালু হলে যেসব এলাকায় গ্যাসের চাপ কমে গেছে, সেখানে ধীরে ধীরে চাপ বাড়বে। এতে সাম্প্রতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।
গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে। এফএসআরইউ বন্ধ হওয়ার আগে যে পরিস্থিতি ছিল, ধীরে ধীরে সেই অবস্থায় ফিরে আসবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
গ্যাস সংকটের কারণে বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকলে সাধারণ গ্রাহকের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রগুলোও প্রয়োজনীয় গ্যাস পায় না। গ্যাসের অভাবে যেসব বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়েছে, সেগুলো আবার চালু করার উদ্যোগ নেওয়া হবে।
বিদ্যুৎ ও গ্যাস খাত নিয়ে সরকারের সমালোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাম্প্রতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা সব সময় সরকারের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না।
বিজ্ঞাপন
বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’ নিয়ে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ থাকলে সংশ্লিষ্ট বিল নিয়ে আসার কথা বলা হলেও অনেকে তা করেন না। বিদ্যুতের বিল বৃদ্ধির পেছনে বিভিন্ন কারণ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, জুন থেকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। একই সঙ্গে মার্চের তুলনায় জুন মাসে আবহাওয়ার পরিস্থিতিও ভিন্ন ছিল। সম্প্রতি একজন গ্রাহকের বিদ্যুৎ বিল ৩ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৭ হাজার টাকা হয়েছে—এমন অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিষয়টি যাচাই করে দেখা হয়েছে। ওই গ্রাহকের বাসায় দুটি এসি, ফ্রিজ ও ব্লেন্ডারসহ একাধিক বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয়। এসব ব্যবহারের পর ৭ হাজার টাকার বিলকে অস্বাভাবিক বেশি বলা যায় কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ বলেন, এটি ছিল নিয়মিত বৈঠক। প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে।
ভারত থেকে আগের তুলনায় বেশি ডিজেল চাওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, দুই দেশের মধ্যে একটি পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসে। ভারতকে আরও বেশি ডিজেল সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী এ বিষয়ে মন্তব্য করতে চাননি। তবে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দেশকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তোলেন তিনি।








