গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হলে সরকার টিকে থাকতে পারবে না

গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম।
বিজ্ঞাপন
তার অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করছে সরকার। একই সঙ্গে জনগণের কাছে দেওয়া একের পর এক প্রতিশ্রুতিও পূরণ করা হচ্ছে না বলে দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয় অভিমুখে ১১ দলীয় জোটের কর্মসূচিতে পুলিশ বাধা দেওয়ার পর সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারকে সতর্ক করতেই তারা কর্মসূচিতে এসেছেন। এক টাকা বাড়ানো হলেও সরকার পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নাহিদ ইসলাম বলেন, সরকার কর্মসংস্থান সৃষ্টি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু বাস্তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়েছে। এসব কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না এবং দেশে মুনাফাবাজির সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এনসিপির এই নেতা অভিযোগ করেন, গণভোটে দেওয়া বিভিন্ন অঙ্গীকারও সরকার বাস্তবায়ন করেনি। গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতিও এখনো পূরণ হয়নি বলে দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
সরকার সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশ করে কৃত্রিম গ্যাস সংকট তৈরি করেছে—এমন অভিযোগও করেন নাহিদ ইসলাম। তার ভাষ্য, গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে। জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত না করেই বিভিন্ন সেবার দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দেশে প্রত্যাশিত কর্মসংস্থান তৈরি হয়নি। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে। বিভিন্ন খাতের ব্যবসায়ীদের কাছ থেকে আগের তুলনায় বেশি চাঁদা আদায়ের অভিযোগও করেন তিনি।
বিশ্ববিদ্যালয়গুলোতে ভিন্নমতের শিক্ষার্থী ও নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধিদের ওপর হামলা এবং ক্যাম্পাস দখলের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রয়োজন হলে সচিবালয়ের পাশাপাশি সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘিরেও কর্মসূচি নেওয়া হবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন, গণভোটের ফল কার্যকর, গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।








