নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে বিএনপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, নির্বাচিত হওয়ার পর বিএনপি সরকার গণতান্ত্রিক পথ থেকে সরে গিয়ে নব্য স্বৈরাচারের দিকে এগোচ্ছে। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েছে, মানুষ কষ্টে আছে। কিন্তু বিরোধী দল হিসেবে এসব বিষয়ে কথা বললে বাধার মুখে পড়তে হচ্ছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিলেটের কানাইঘাট উপজেলায় আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, পদযাত্রা ঠেকাতে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করা হলেও কানাইঘাটের মানুষ তা ব্যর্থ করে দিয়েছে। তিনি জানান, জুলাই আন্দোলনের অঙ্গীকার অনুযায়ী সংস্কার ও বিচার নিশ্চিত করার দাবিতে তারা জনগণের কাছে এসেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি অভিযোগ করেন, অতীতেও দমন-পীড়নের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন থামানো যায়নি, এখনও যাবে না। তার দাবি, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা একটি রাজনৈতিক শক্তি জনগণের সমর্থনে ক্ষমতায় এসে আবারও জনগণের ওপর নির্যাতন, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ভূমি দখলের পথে হাঁটছে। তবে জনগণ ঐক্যবদ্ধভাবে যেকোনো নতুন স্বৈরাচারী প্রবণতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি তার ঘোষিত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি অভিযোগ করেন, হবিগঞ্জে এক কিশোর জুলাই যোদ্ধার ওপর হামলার ঘটনায় তার একটি চোখ নষ্ট হয়েছে। এ ধরনের ঘটনার দায় এড়িয়ে যাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি তাদের সম্মান রয়েছে। তবে তাদের নাম ব্যবহার করে কেউ যদি সন্ত্রাস, দখল বা অনিয়মের রাজনীতি করে, তা মেনে নেওয়া হবে না। একই সঙ্গে দেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, সংস্কার ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, আসন্ন নির্বাচনে কারচুপি বা সন্ত্রাসের আশঙ্কা দেখা যাচ্ছে। তার দাবি, জাতীয় নির্বাচনের মতো পরিস্থিতি যাতে স্থানীয় সরকার নির্বাচনে সৃষ্টি না হয়, সে বিষয়ে জনগণকে প্রস্তুত থাকতে হবে। ভোটে কোনো ধরনের অনিয়ম বা সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দেন তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা।








