Logo

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ আগস্ট, ২০২৬, ১৪:২৫
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ
সংসদ ভবন | ফাইল ছবি

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি আরও এক ধাপ এগিয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) কাছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পাঠিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ আগস্ট) এই তালিকা কমিশনের কাছে হস্তান্তর করা হয়। ভোটার তালিকা পাওয়ার পর নির্বাচন কমিশন এটি চূড়ান্ত করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু করবে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হয়। সেই সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাই ভোটার হিসেবে অংশ নেন। গোপন ব্যালটের মাধ্যমে তারা দেশের নতুন রাষ্ট্রপতিকে নির্বাচিত করবেন। নির্বাচন কমিশন ভোটার তালিকা যাচাই-বাছাই শেষে নির্বাচনের সময়সূচি ও তফসিল ঘোষণা করবে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন জানিয়েছে, এই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তাঁর তত্ত্বাবধানেই ভোটগ্রহণ ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হবে।

নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ৩ আগস্ট নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সংগ্রহের জন্য সংসদ সচিবালয়ের কাছে অনুরোধ জানানো হয়েছে। তালিকা হাতে পাওয়ার পর কমিশন নির্বাচনের সম্ভাব্য তারিখ ও তফসিল নিয়ে আনুষ্ঠানিক আলোচনা করবে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

উল্লেখ্য, দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করেন। এরপরই নির্বাচন কমিশন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে। এ সময়ের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করে নির্বাচন আয়োজনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, ভোটার তালিকা নির্বাচন কমিশনের হাতে পৌঁছানোয় এখন তফসিল ঘোষণার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার পথ সুগম হয়েছে। কমিশনের পরবর্তী বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD