Logo

লবণ চাষিদের জন্য দ্রুতই নতুন দাম নির্ধারণ হবে: প্রধানমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৯ আগস্ট, ২০২৬, ১৫:৩৭
লবণ চাষিদের জন্য দ্রুতই নতুন দাম নির্ধারণ হবে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

লবণ চাষিদের দুর্ভোগ কমাতে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের পাশাপাশি লবণ চাষিদেরও কৃষক কার্ডের আওতায় আনা হবে। তাদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে দ্রুত নতুন মূল্য নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।

লবণ চাষিদের স্বার্থ রক্ষার পাশাপাশি সমুদ্র উপকূলীয় এলাকায় কলকারখানা স্থাপনের মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরির পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রার উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে শিল্প স্থাপনের সুযোগ তৈরি করা প্রয়োজন। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই সরকারের দায়িত্ব। চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সামাজিক নিরাপত্তা ও সাধারণ মানুষের জীবনযাত্রায় সহায়তা বাড়ানোর অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

এর মাধ্যমে উপজেলা পর্যায়েই মানুষের জন্য চিকিৎসাসেবার পরিধি আরও বাড়ানো এবং স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হবে।

দেশের বিদ্যুৎ ও গ্যাস খাতে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সময় প্রয়োজন হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে। তবে কিছু মানুষ বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে অস্থিরতা তৈরি করতে চাইছে। এ ধরনের প্রচারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দেশের শান্তি ও শৃঙ্খলা নষ্ট করতে চায় এমন ব্যক্তিদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিভ্রান্তি সৃষ্টিকারীরা যাতে কোনো ধরনের সুযোগ নিতে না পারে, সেদিকেও নজর রাখার কথা বলেন তিনি। দেশের স্বাভাবিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

দেশ সামনে এগিয়ে যাবে, নাকি ঝগড়া-ফ্যাসাদে সময় নষ্ট হবে—সে বিষয়ে জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখন আর পেছনে পড়ে থাকার সুযোগ নেই। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত।

প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণ বিভ্রান্ত না হয়ে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নেবে—এটাই সরকারের প্রত্যাশা। মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় সরকার কাজ করে যাবে বলেও জানান তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD