সারা দেশে ‘নজরুল বর্ষ’র কার্যক্রম শুরু ৩১ আগস্ট

আগামী ৩১ আগস্ট সারা দেশে আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’র কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি জানান, গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন।
বিজ্ঞাপন
রবিবার (১৬ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত বিভাগীয় মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে তার অবদান অপরিসীম। নানা কারণে তার বিশাল সৃষ্টিকর্মের অনেক কিছুই এখনও যথাযথভাবে তুলে ধরা সম্ভব হয়নি। নজরুল বর্ষের মূল লক্ষ্য হলো তার সৃষ্টিকর্মকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।
কর্মসূচির প্রাথমিক রূপরেখা তুলে ধরে সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে সংগীত, কবিতা, নাটক ও নৃত্য—এই চারটি বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে প্রতিযোগিতা শুরু হয়ে উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে তা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক পরিবেশে প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য প্রতিযোগী নির্বাচন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের যথাযথভাবে মনিটরিং করার আহ্বান জানান তিনি। প্রতিযোগিতার প্রতিটি ধাপে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে সভায় একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত ড. সুকোমল বড়ুয়া, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী এবং সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।








