এক হাজার বাংলাদেশি ট্যাক্সিচালক নিবে দুবাই, সাক্ষাৎকার ২৯ আগস্ট

বাংলাদেশ থেকে এক হাজার ট্যাক্সিচালক নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি ট্যাক্সি কোম্পানি। এ লক্ষ্যে আগামী ২৯ ও ৩০ আগস্ট ঢাকায় সরাসরি সাক্ষাৎকার ও প্রার্থী বাছাই অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সরকারের অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ (আরএল-২৭৩৫) স্থানীয়ভাবে নিয়োগ কার্যক্রমের আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার নিতে দুবাইয়ের সংশ্লিষ্ট কোম্পানির একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।
যেসব পদে ও কতজন নিয়োগ
নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১ হাজার ট্যাক্সিচালক নেওয়ার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দুবাইয়ের ওই প্রতিষ্ঠানে বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী ট্যাক্সি ও লিমোজিন চালক হিসেবে কাজ করছেন।
বিজ্ঞাপন
এর মধ্যে প্রায় ৮ হাজার কর্মী বাংলাদেশি বলে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা জানিয়েছেন। বাংলাদেশি কর্মীদের কর্মদক্ষতা ও পরিশ্রমের কারণে নতুন নিয়োগের ক্ষেত্রেও তাদের অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়েছে।
চলতি বছরের ১৭ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা এসব তথ্য জানান।
আবেদনকারীদের যোগ্যতা
বিজ্ঞাপন
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্যাক্সিচালক পদে আবেদন করতে প্রার্থীদের কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে।
চাকরির প্রাথমিক মেয়াদ নির্ধারণ করা হয়েছে দুই বছর, যা নবায়নযোগ্য। নির্বাচিত কর্মীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী কমিশনভিত্তিক আয় করার সুযোগ পাবেন।
এ ছাড়া ট্যাক্সি চালানোর জন্য প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল পরীক্ষা এবং এমিরেটস আইডি-সংক্রান্ত ব্যয় কোম্পানির পক্ষ থেকে বহন করার কথা বলা হয়েছে।
বিজ্ঞাপন
আবাসন ও অন্যান্য সুবিধা
নিয়োগকারী প্রতিষ্ঠান নির্বাচিত কর্মীদের আবাসনের ব্যবস্থা করবে। তবে গাড়ি পাওয়ার তিন মাস পর আবাসন-সংক্রান্ত নির্ধারিত অর্থ কর্মীদের বেতন থেকে প্রতি মাসে কেটে নেওয়া হবে বলে নিয়োগের শর্তে উল্লেখ করা হয়েছে।
চাকরির অন্যান্য সুযোগ-সুবিধা সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত শ্রম আইন এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।
বিজ্ঞাপন
সাক্ষাৎকারে যা নিতে হবে
সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে। প্রার্থীদের সঙ্গে রাখতে বলা হয়েছে— মূল পাসপোর্ট, পাসপোর্টের রঙিন ফটোকপি, সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি, মূল ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সের রঙিন ফটোকপি, জীবনবৃত্তান্ত বা বায়োডাটা এবং শিক্ষাগত যোগ্যতার সনদের রঙিন ফটোকপি।
সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। তাই বিদেশে কর্মসংস্থানের আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখ, স্থান ও প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে আগে থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
দুবাইয়ের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের বড় উপস্থিতির কারণে নতুন এই নিয়োগ প্রক্রিয়াকে বিদেশে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের আরও একটি সম্ভাবনাময় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।








