Logo

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পাকিস্তানের অভিনন্দন, সফরের আমন্ত্রণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ আগস্ট, ২০২৬, ১৩:২৪
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পাকিস্তানের অভিনন্দন, সফরের আমন্ত্রণ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা জানিয়ে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের জন্য মির্জা ফখরুলকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানান জারদারি। তিনি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে এবং দেশটির মানুষের কল্যাণ অব্যাহত থাকবে।

পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, অভিন্ন ইতিহাস, ধর্ম ও সাংস্কৃতিক যোগাযোগের কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে যে ইতিবাচক অগ্রগতি হয়েছে, সেটিকে স্বাগত জানিয়ে তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জারদারি আরও বলেন, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করতে আগ্রহী।

এ সময় মির্জা ফখরুলকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান পাকিস্তানের প্রেসিডেন্ট। তার মতে, এই সফর দুই দেশের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখতে পারে।

অভিনন্দনবার্তায় বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের সফলতা কামনা করেন আসিফ আলি জারদারি। পাশাপাশি বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD