Logo

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, প্রজ্ঞাপন জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট, ২০২৬, ১৩:৫৬
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত

নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন শাখাটির সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব গ্রহণের তারিখ থেকেই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে।

শূন্য ঘোষিত আসনে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে। একই সঙ্গে বিজ্ঞপ্তিটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া বিষয়টি অবহিত করা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয় এবং বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এর ফলে একই সঙ্গে তার সংসদ সদস্য পদ ও ঠাকুরগাঁও-১ আসন শূন্য হওয়ার সাংবিধানিক প্রক্রিয়া কার্যকর হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD