Logo

ভোলাকে সড়কপথে দ্রুত যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট, ২০২৬, ১৬:৩৩
ভোলাকে সড়কপথে দ্রুত যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে বরিশাল-রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

শনিবার (২৩ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পরে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল-রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটটি বাস্তবায়নের জন্য বেছে নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান শিপলু সভার সিদ্ধান্তের বিষয়টি জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক যোগাযোগ অবকাঠামো তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ভোলাকে জাতীয় সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার কাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ দেন।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি প্রয়োজনীয় নতুন সড়ক নির্মাণ করতে হবে। এ ছাড়া তিনটি ছোট সেতু নির্মাণের প্রয়োজন রয়েছে। প্রকল্প বাস্তবায়নের আগে সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা দ্রুত যাচাই করা হবে।

বিজ্ঞাপন

নতুন সড়ক যোগাযোগ চালু হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে যাত্রী ও পণ্য পরিবহনে সময় এবং ব্যয় উভয়ই কমতে পারে। পাশাপাশি নদীবেষ্টিত এ জেলার মানুষের দীর্ঘদিনের নৌপথনির্ভরতা অনেকটাই কমে আসবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা মনে করছেন, হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটের অন্যতম সুবিধা হলো তুলনামূলক কম দূরত্বে সময় ও পরিবহন ব্যয় সাশ্রয়ের সুযোগ। বিশেষ করে ঢাকা ও বরিশালের সঙ্গে ভোলার যোগাযোগের ক্ষেত্রে এটি একটি কার্যকর বিকল্প সড়কপথ হিসেবে গড়ে উঠতে পারে।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD