Logo

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল রণধীর জয়সওয়াল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট, ২০২৬, ১৯:০৯
তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল রণধীর জয়সওয়াল
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো মন্তব্য করার মতো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। শুক্রবার দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

বিজ্ঞাপন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, নয়াদিল্লির পক্ষ থেকে এ সফর নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সম্ভাব্য সামরিক জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার আলোচনা নিয়েও ভারতের অবস্থান জানতে চাওয়া হয়। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতি ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো মন্তব্য করতে চাননি তিনি।

গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ ৩০ বছর। ভারত ও বাংলাদেশের নদীসংক্রান্ত বিভিন্ন বিষয় যৌথ নদী কমিশনের মাধ্যমে আলোচনা করা হয়। চুক্তির আওতায় যৌথ কমিটির বৈঠকও কারিগরি পর্যায়ে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। শুক্রবার তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে এ তথ্য জানান।

গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর নয়াদিল্লিতে তারেক রহমানের সম্ভাব্য প্রথম সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে। ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে উভয়পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দীর্ঘদিনের ক্ষমতার অবসানের পর শেখ হাসিনা ভারতে চলে যান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ঢাকার পক্ষ থেকে একাধিকবার অনুরোধ জানানো হলেও ভারত জানিয়েছে, বিষয়টি তারা পর্যালোচনা করছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ বলেন, সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। একই সঙ্গে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

এর আগে মঙ্গলবার দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, তারেক রহমানের সফর নিয়ে মন্তব্য করার মতো নতুন কোনো তথ্য ভারতের হাতে নেই।

বিজ্ঞাপন

সম্প্রতি দিল্লিতে একটি অনলাইন অনুষ্ঠানে শেখ হাসিনা বক্তব্য দেওয়ার পর বিষয়টি নিয়ে আপত্তি জানায় ঢাকা। একই সঙ্গে বাংলাদেশ জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য আরও অনুকূল কূটনৈতিক পরিবেশ প্রয়োজন।

সূত্র: লাইভ মিন্ট, রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD