Logo

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট, ২০২৬, ১৭:০০
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ফাইল ছবি

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর স্থগিত করা হয়েছে। আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের সফরে তাঁর ঠাকুরগাঁও যাওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে কর্মসূচিটি স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ আগস্ট) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক।

জেলা প্রশাসক জানান, রাষ্ট্রপতির ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও সফরের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। তবে অনিবার্য কারণে সেটি আপাতত স্থগিত করা হয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে নতুন সফরসূচি নির্ধারণ হতে পারে বলেও জানান তিনি।

রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়েছিল। প্রশাসনিক নিরাপত্তা, আবাসন, যানবাহনসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গত সোমবার (২৪ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল শাখা থেকে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়েছিল, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও জেলা সফর করবেন। সফর শেষে ৩১ আগস্ট তাঁর ঢাকায় ফেরার কথা ছিল।

বিজ্ঞাপন

ওই চিঠিতে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের যাতায়াত, আবাসন ও যানবাহনসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সফরের বিস্তারিত কর্মসূচি ও অনুমোদিত সফরসঙ্গীদের তালিকা পরবর্তী সময়ে পাঠানোর কথা জানানো হয়েছিল।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটিই প্রথম সফর হওয়ার কথা ছিল। এ কারণে স্থানীয় মানুষের মধ্যে সফরটি ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরও প্রস্তুতি নিচ্ছিল।

তবে শেষ পর্যন্ত অনিবার্য কারণে সফর স্থগিত হওয়ায় পূর্বনির্ধারিত সব প্রস্তুতি আপাতত থেমে গেছে। নতুন তারিখ ঘোষণা হলে আবারও প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। নির্বাচনে তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করেন।

বিজ্ঞাপন

পরদিন ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD