প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় কার্যক্রমের দায়িত্বে ৩ মন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। এ দায়িত্ব বণ্টন অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়-সংক্রান্ত সংসদীয় কার্যক্রমের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
তবে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর (এজেডএম) মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত মন্ত্রীরা জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদন করবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে কে দায়িত্ব পালন করবেন, সেটিও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন ড. আব্দুল মঈন খান। তিনি অনুপস্থিত থাকলে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম দায়িত্ব পালন করবেন।
খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন আফরোজা খানম। তাঁর অনুপস্থিতিতে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আন্দালিব রহমান। তিনি অনুপস্থিত থাকলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দায়িত্ব নেবেন।
বিজ্ঞাপন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্বে থাকবেন এম রশিদউজ্জামান মিল্লাত। তাঁর অনুপস্থিতিতে ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন সাচিং প্রু। তাঁর অনুপস্থিতিতেও সংসদীয় কার্যক্রমের দায়িত্ব পালন করবেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ বিষয়ে আগে জারি করা প্রজ্ঞাপনগুলোর অন্যান্য সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে। নতুন এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে গত ২১ আগস্ট মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে ছয়জন শপথ নেন। তাঁদের শপথের পর কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের পাশাপাশি একজন পুরোনো মন্ত্রীর দপ্তরও পুনর্বণ্টন করা হয়। নতুন ও পুনর্বণ্টিত দপ্তরগুলোর সংসদীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্যই সরকারের পক্ষ থেকে এবার দায়িত্বের এই সমন্বয় করা হলো।








