ট্যাক্স ক্যাডার থেকে প্রথমবার দুদক কমিশনার হলেন সাজ্জাদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ইতিহাসে প্রথমবারের মতো ট্যাক্স ক্যাডারের একজন সাবেক কর্মকর্তাকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের সাবেক সদস্য ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া নতুন দুদক কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। দুদক আইন, ২০০৪ অনুযায়ী কমিশনার হিসেবে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের সমপর্যায়ের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
দুদকের বিভিন্ন পর্যায়ে অতীতে ট্যাক্স ক্যাডারের একাধিক কর্মকর্তা প্রেষণে দায়িত্ব পালন করেছেন। তবে কমিশনার পদে ট্যাক্স ক্যাডারের কোনো কর্মকর্তার নিয়োগ এবারই প্রথম। ফলে সাজ্জাদ হোসেন ভূঁইয়ার নিয়োগ প্রতিষ্ঠানটির ইতিহাসে একটি ব্যতিক্রমী সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ট্যাক্স ক্যাডারে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে কর আইন, করনীতি, ক্যাশ ফ্লো অ্যানালাইসিস, অর্থপাচার প্রতিরোধ এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা অর্জন করেন।
২০২২ সালে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে অবসর নেন তিনি। এরপরও আর্থিক খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত ছিলেন। ২০২৫ সালের ৪ মে তাকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুদক কমিশনার হিসেবে নিয়োগের আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করছিলেন।
বিজ্ঞাপন
সরকারি চাকরিতে যোগ দেওয়ার আগে ব্যাংকিং ও শিক্ষকতায়ও কাজ করেছেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া। ১৯৮৭ সালে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরের বছর এবি ব্যাংক পিএলসিতে প্রভিশনারি অফিসার হিসেবে যোগ দেন।
১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯১ সালে বিসিএস ট্যাক্স ক্যাডারে যোগ দিয়ে সরকারি চাকরিতে প্রবেশ করেন।
ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। ১৯৮৪ সালে প্রথম শ্রেণিতে বি.কম (সম্মান) এবং ১৯৮৫ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এম.কম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পিএইচডি ডিগ্রিও অর্জন করেন।
বিজ্ঞাপন
শিক্ষাজীবনের শুরুতে ১৯৭৯ সালে কুমিল্লার বাতাকান্দি এসএসএএইচএম হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৮১ সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন।
সরকারি ও আর্থিক খাতের দায়িত্বের পাশাপাশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও যুক্ত ছিলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), ফিন্যান্স বিভাগসহ দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে যুক্ত থাকার তথ্য পাওয়া যায়।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর শিক্ষাদানের অভিজ্ঞতা রয়েছে।
বিজ্ঞাপন
সোমবার জারি করা একই প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদকের নতুন চেয়ারম্যান এবং অবসরপ্রাপ্ত সচিব ড. জাহাঙ্গীর আলম খানকে অপর কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনার পদত্যাগ করেন। এরপর নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে সদস্যসচিব করে সার্চ কমিটি গঠন করা হয়।
সার্চ কমিটি ছয় দফা বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই, যোগ্যতা পর্যালোচনা ও অন্যান্য বিষয় মূল্যায়ন করে। পরে চেয়ারম্যান হিসেবে এ কে এম আসাদুজ্জামান এবং কমিশনার হিসেবে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার নাম চূড়ান্ত করে সরকারের কাছে সুপারিশ করা হয়।
ট্যাক্স প্রশাসন, আর্থিক প্রতিবেদন, করনীতি ও অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে দীর্ঘ অভিজ্ঞতা থাকা ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার নিয়োগের ফলে দুদকের আর্থিক অপরাধ ও অর্থপাচারসংক্রান্ত কার্যক্রমে তাঁর অভিজ্ঞতা কাজে লাগতে পারে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা তৈরি হয়েছে।








