অর্থ পাচার প্রতিরোধে আন্তর্জাতিক প্রশিক্ষণে দুদক পরিচালক সাজ্জাদ

বিশ্বজুড়ে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ বাস্তবতায় আন্তর্জাতিক মানদণ্ড, আধুনিক তদন্ত কৌশল এবং বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত একটি বিশেষায়িত প্রশিক্ষণে অংশ নিচ্ছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক এ এস এম সাজ্জাদ হোসেন। দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
সরকারি অনুমোদন অনুযায়ী, গত ৬ আগস্ট রাতে তিনি দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ বিষয়ে চলতি বছরের ১ জুন জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর বিদেশ সফরের অনুমোদনের কথা জানানো হয়।
দক্ষিণ কোরিয়ার বুসানে অবস্থিত অর্থ পাচার প্রতিরোধবিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১০ থেকে ১৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘অর্থ পাচার প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ডবিষয়ক প্রশিক্ষণ’। এতে বিশ্বের বিভিন্ন দেশের দুর্নীতিদমন, আর্থিক গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা অংশ নেবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রশিক্ষণে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ড, আর্থিক অপরাধ তদন্তের আধুনিক পদ্ধতি, ঝুঁকি মূল্যায়ন, তথ্য বিশ্লেষণ এবং আন্তঃদেশীয় সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের প্রশিক্ষণ একজন কর্মকর্তার পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিজ্ঞাপন
দুদকের দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগও তৈরি হয়েছে এ এস এম সাজ্জাদ হোসেনের জন্য। আন্তর্জাতিক অভিজ্ঞতা দেশের দুর্নীতি দমন কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
তিনি বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের সন্তান এ এস এম সাজ্জাদ হোসেন। তাঁর এ আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশগ্রহণের খবরে এলাকাবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। তাঁদের বিশ্বাস, আন্তর্জাতিক পরিসরে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের সেবায় যেমন কাজে লাগবে, তেমনি নতুন প্রজন্মকেও দক্ষতা ও সততার সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে উৎসাহিত করবে।








