Logo

জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
২১ অক্টোবর, ২০২৬, ২১:৪০
জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি
ছবি: সংগৃহীত

জনগণের সেবা নিশ্চিত করতে প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে দুর্নীতি, চাকরি দেওয়ার নামে প্রতারণা ও মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেছেন, এসব অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

শৈলকুপার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, উপজেলার কোথায় কী ধরনের সমস্যা ও দুর্বলতা রয়েছে, তা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আগামী পাঁচ বছরের মধ্যে উপজেলার সব কাঁচা রাস্তা পাকা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং স্কুল-কলেজে খেলার মাঠের সংকট নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, "এলাকার স্কুল-কলেজগুলোতে খেলার মাঠের যে স্বল্পতা রয়েছে, সে বিষয়ে আমি অবগত। প্রয়োজনে আমার ব্যক্তিগত তহবিল থেকে হলেও স্কুলগুলোর খেলার মাঠ তৈরি করে দেওয়া হবে।"

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি ভালো ফল অর্জনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চাকরি দেওয়ার নামে প্রতারণা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, দলের কোনো নেতার বিরুদ্ধে এসব কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেলে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হবে।

নিজের সততার প্রসঙ্গ তুলে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, "মনে রাখবেন আপনাদের এলাকার এমপি বা মন্ত্রী কোনো ঘুষ বা কমিশন খায় না। সাধারণ ভ্যানচালকের কথাও আমি মনোযোগ দিয়ে শুনি, শেকড়ের প্রতি আমার গভীর দায়বদ্ধতা রয়েছে।"

বিজ্ঞাপন

মাদক নিয়ন্ত্রণের বিষয়ে আইনমন্ত্রী জানান, এ ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দলের কোনো নেতার ডোপ টেস্টের ফল পজিটিভ এলেও তাকে ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট করেন তিনি।

এ ছাড়া রাজনীতি, সমাজ ও দেশের ক্ষতি করার চেষ্টা কিংবা সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD