Logo

দেশে ফিরেছে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট, ২০২৬, ১৯:১৯
দেশে ফিরেছে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে নয়জনের মরদেহ দেশে ফিরেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৪৩০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিজ্ঞাপন

এ সময় মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ১৬ বাংলাদেশি কর্মী প্রাণ হারান। পরে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নিহতদের মধ্যে নয়জনের পরিচয় নিশ্চিত করা হয়। পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের মরদেহ বৃহস্পতিবার দেশে পাঠানো হয়।

দেশে আসা নয়জনের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। তারা হলেন—উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিনের মরদেহও দেশে ফিরেছে।

জানা গেছে, অগ্নিকাণ্ডের দিন রাতে কাজ শেষে শ্রমিকরা কারখানার ভেতরেই ঘুমিয়ে ছিলেন। অভিযোগ রয়েছে, কারখানার প্রধান ফটক বাইরে থেকে তালাবদ্ধ থাকায় আগুন লাগার পর তারা বের হওয়ার সুযোগ পাননি। ফলে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই ১৬ বাংলাদেশির মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, নিহত বাকি বাংলাদেশিদের মরদেহও দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD