আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে বিরোধী দল: এ্যানি

বিরোধী দল আন্দোলনের মাধ্যমে বিএনপিকে জিম্মি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের পরিস্থিতি তৈরি হতে দেওয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফের বি-স্ট্রং প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, হাসিনা যেভাবে ১৭২ দিন হরতাল দিয়ে দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় এসেছিলেন, পরবর্তী ১৭ বছরে দেশকে ক্ষতিগ্রস্ত করেছেন। এখন বিরোধী দল মনে করছে, আন্দোলনের মাধ্যমে বিএনপি, তারেক রহমান এবং মন্ত্রী-এমপিদের দুর্বল করা সম্ভব হবে। এরপর মানুষকে বাধ্য করে তাদের পক্ষে ভোট দেওয়ানো যাবে। এমন সুযোগ দেওয়া যাবে না।
বিরোধী দলের কর্মসূচির কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, লংমার্চের পর আবার আন্দোলনের কথা বলা হচ্ছে। দেশ যদি সবসময় আন্দোলনের মধ্যে থাকে, তাহলে এলাকার উন্নয়ন সম্ভব হবে না। এ ধরনের আন্দোলন দেশের পাশাপাশি স্থানীয় পর্যায়েও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে উল্লেখ করে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনে আরেকটি পক্ষ প্রতিদ্বন্দ্বিতা করে এখন বিরোধী দলে রয়েছে। বিএনপি শপথ নেওয়ার দিনও তারা উপস্থিত হয়নি এবং সরকারকে সহযোগিতা করেনি। এখনও তারা আন্দোলনের কথা বলছে।
তিনি বলেন, হাসিনার বিরুদ্ধে বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে। সেই সময়ে দলটির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং দেশও ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে। সবাই মিলে আন্দোলনের মাধ্যমে দেশ ও গণতন্ত্র রক্ষা করা হয়েছে। এখন সেই অর্জনকে সুরক্ষিত করে নতুন বাংলাদেশ গড়ে তোলাই মূল কাজ।
বিজ্ঞাপন
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভুঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, বিএনপি নেতা শাহজাহান মিয়া এবং চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহের ইসলাম জাহাঙ্গীরসহ অনেকে।








