৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়, বিরোধী দলেরও বোঝা উচিত

মাত্র ছয় মাসে সরকারের সব কাজ শেষ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বিষয়টি বিরোধী দলেরও বোঝা উচিত।
বিজ্ঞাপন
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌর এলাকায় রহমতখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা কৃষকদলের উদ্যোগে কর্মসূচিটির আয়োজন করা হয়।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাস পার হয়েছে। এর মধ্যেই সব কাজ সম্পন্ন হয়ে যাবে—এমনটা আশা করা ঠিক নয়। ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ কি এরই মধ্যে শেষ হয়ে গেছে? এমন প্রশ্ন তুলে তিনি বলেন, বিরোধী দলের বিষয়টি বোঝা প্রয়োজন। ছয় মাসের মাথায় তারা লংমার্চের কর্মসূচি দিচ্ছে।
তিনি বলেন, তারা ফটোসেশনের রাজনীতিতে বিশ্বাস করেন না এবং শুধু দেখানোর জন্য কোনো কাজও করেন না।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পানিসম্পদ মন্ত্রী বলেন, দেশের ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এ কাজ বাস্তবায়ন করা হবে। অতীতে অনেক নেতা নিজেদের দূরদর্শী বলে দাবি করলেও দেশের মানুষের সুবিধার জন্য এত বড় পরিসরে খাল পুনঃখননের উদ্যোগ কেউ বাস্তবায়ন করেননি বলে মন্তব্য করেন তিনি।
খাল পুনঃখননের সুফল ইতোমধ্যে পাওয়া যাচ্ছে উল্লেখ করে এ্যানি বলেন, এর মাধ্যমে মানুষের কী ধরনের সুবিধা হতে পারে, তা এখনই দৃশ্যমান হচ্ছে। তারেক রহমানের দূরদর্শী চিন্তা ও পরিকল্পনা থেকেই ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এরই মধ্যে কাজ শুরু হয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।








