নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা নেই: পানিসম্পদমন্ত্রী

বিরোধী নেতাদের বক্তব্য ও রাজনৈতিক আচরণ নিয়ে কঠোর সমালোচনা করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা খুঁজে পাই না।
বিজ্ঞাপন
শনিবার (২৩ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘জনসম্পৃক্ত নদী ব্যবস্থাপনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে নোঙর ট্রাস্ট।
মন্ত্রী বলেন, সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে যেসব কাজ করছেন, সেগুলো নিয়ে বিরোধী দলের নেতাদের বিদ্রূপ, অসহযোগিতা ও বিভিন্ন ধরনের মন্তব্য জাতির প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের মধ্য দিয়ে বর্তমান নেতৃত্ব উঠে এসেছে। ছাত্ররাজনীতি থেকে শুরু করে কারাবরণ, জেল-জুলুম ও নানা প্রতিকূলতা মোকাবিলা করেই তারা আজকের অবস্থানে পৌঁছেছেন।
রাজনীতিতে শালীনতা ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে পানিসম্পদমন্ত্রী বলেন, রাজনৈতিক অঙ্গনে মতভেদ থাকতে পারে, কিন্তু বক্তব্য ও আচরণে সংযম থাকা প্রয়োজন। তার মতে, অশালীন বক্তব্য রাজনৈতিক পরিবেশকে নেতিবাচক করে তোলে।
তিনি অভিযোগ করেন, সম্প্রতি ঝিনাইদহ সফরে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী ও তার পরিবারকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন, যা রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিজ্ঞাপন
মন্ত্রী আরও দাবি করেন, কিছু রাজনৈতিক গোষ্ঠীর অতীত কর্মকাণ্ড দেশের ছাত্ররাজনীতির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছিল। তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, বর্তমানে অনেকেই ইতিবাচক আচরণের প্রকাশ ঘটালেও বাস্তবে তাদের রাজনৈতিক উদ্দেশ্য ও আচরণ নিয়ে জনগণকে সচেতনভাবে মূল্যায়ন করতে হবে।
বিজ্ঞাপন
আলোচনা সভায় নদী ব্যবস্থাপনা, পরিবেশ রক্ষা এবং জনসম্পৃক্ত উন্নয়ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








