Logo

বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে পাস এসআরবি বিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৫২
বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে পাস এসআরবি বিল
ফাইল ছবি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের আইনি ভিত্তি তৈরি হয়েছে। জাতীয় সংসদে পাস হয়েছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল, ২০২৬’।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিলটি পাস হয়।

বিলটি নিয়ে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্র পরিচালনায় জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং সময়ের সঙ্গে সমাজের চাহিদা পূরণে প্রয়োজনে বিভিন্ন ইউনিট বা বাহিনীতে পরিবর্তন আনতে হয়। সেই প্রয়োজনেই নতুন ইউনিট গঠন করা হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, একটি নতুন সংস্থা গঠনের সঙ্গে অন্য একটি সংস্থা বিলুপ্ত করার সরাসরি কোনো সম্পর্ক নেই। র‍্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধীনে গঠিত হয়েছিল। তবে যে আইনের একটি ধারার ভিত্তিতে ইউনিটটি পরিচালিত হচ্ছিল, সেটি পূর্ণাঙ্গ ছিল না। এ কারণে র‍্যাবকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন থেকে আলাদা করে বিলুপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিদ্যমান আইনে ইংরেজি ভাষায় কিছু অস্পষ্টতা ছিল। সেগুলো সংশোধন ও অনুবাদ করে নতুন আইন হিসেবে এসআরবি বিল আনা হয়েছে।

বিজ্ঞাপন

পাস হওয়া আইনে এসআরবিকে পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট হিসেবে রাখা হয়েছে। নিয়োগ বা প্রেষণের মাধ্যমে পুলিশ কর্মকর্তা, বিভিন্ন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্ধারিত সশস্ত্র সদস্য বা কর্মচারীদের সমন্বয়ে ইউনিটটি গঠিত হবে।

এসআরবির জন্য থাকবে পৃথক পতাকা, প্রতীক ও পোশাক। অতিরিক্ত মহাপরিদর্শক বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তাকে ইউনিটটির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নতুন এই ইউনিটকে ফৌজদারি অপরাধ তদন্ত, তল্লাশি, গ্রেপ্তার এবং জব্দ করার আইনগত ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি এসআরবির নিজস্ব হাজত, মালখানা ও জিজ্ঞাসাবাদ কেন্দ্র রাখার বিধানও রয়েছে।

এসআরবির কার্যক্রম নিয়ে জনসাধারণের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তির জন্য বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে একটি অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD