Logo

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:২৩
দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ
ছবি: সংগৃহীত

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। নির্ধারিত সময়ে দুদকের প্রধান কার্যালয়ে হাজির না হয়ে তিনি ৩০ দিনের সময় চেয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তার হাজির হয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল।

দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শফিউদ্দিন আহমেদ সোমবার হাজির হয়ে বক্তব্য দেওয়ার পরিবর্তে ৩০ দিনের সময় চেয়েছেন। এখন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন।

এর আগে দুদকের পরিচালক মো. আবুল হাসনাতের সই করা নোটিশে সাবেক সেনাপ্রধানকে নির্ধারিত সময়ে কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

নোটিশে বলা হয়, অভিযোগের বিষয়ে তার বক্তব্য শোনা এবং তা রেকর্ড করা সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ‘অপরিহার্য’।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুদক সূত্র জানায়, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান শুরু হয় ২০২৫ সালের ১৪ ডিসেম্বর। দুদকের পরিচালক মো. আবুল হাসনাতের নেতৃত্বে একটি দল অভিযোগগুলো অনুসন্ধান করছে।

বিজ্ঞাপন

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগগুলো এখনো অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট দল কমিশনের কাছে প্রতিবেদন দেবে। অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ পাওয়া গেলে মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কমিশন। অন্যদিকে অভিযোগের সত্যতা পাওয়া না গেলে অনুসন্ধান বন্ধ করে দেওয়া হতে পারে।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। তিনি জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিন বছর সেনাপ্রধানের দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩ জুন অবসরে যান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD