Logo

ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল, ব্যয় ৪৫ হাজার কোটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৩২
ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল, ব্যয় ৪৫ হাজার কোটি
ছবি: সংগৃহীত

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে মেট্রোরেল সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫-এর সাউদার্ন রুট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

বিজ্ঞাপন

‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): সাউদার্ন রুট’ নামের প্রকল্পটি বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

পরিকল্পনা কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগামী ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সচিবালয়ে চলতি অর্থবছর (২০২৬-২৭) এর একনেকের তৃতীয় সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সভায় একনেকের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করবেন।

প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, নতুন এই মেট্রোরেল করিডোরটি গাবতলী থেকে শুরু হয়ে দাশেরকান্দি পর্যন্ত যাবে। পথে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, শুক্রাবাদ, কারওয়ান বাজার, হাতিরঝিল, তেজগাঁও, আফতাব নগর, আফতাব নগর সেন্টার, আফতাব নগর ইস্ট ও নাসিরাবাদসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো যুক্ত হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এই রুট চালু হলে ঢাকার উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিমমুখী যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে এমআরটি লাইন-৫-এর নর্দার্ন রুট ও এমআরটি লাইন-১-এর সঙ্গে সরাসরি ইন্টারচেঞ্জ সুবিধা থাকবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত।

বিজ্ঞাপন

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হবে ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ টাকা। বাকি ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং দক্ষিণ কোরিয়ার ইডিসিএফ থেকে সহজ শর্তের ঋণ হিসেবে নেওয়া হবে।

প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওয়াহাব জানান, সাউদার্ন রুটের প্রাথমিক সব প্রক্রিয়া শেষ হয়েছে। কয়েক দফা ব্যয় ও নকশা পর্যালোচনার পর প্রকল্পটি অর্থনৈতিক ও পরিবেশগত দিক বিবেচনায় সবচেয়ে লাভজনক হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

তার মতে, নতুন মেট্রোরেল চালু হলে রাজধানীর সড়কে যানবাহনের চাপ কমবে। পাশাপাশি ঢাকার দুই প্রান্তের মানুষের দ্রুত, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ তৈরি হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD