Logo

পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে ১১ কর্মকর্তার রদবদল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:১৫
পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে ১১ কর্মকর্তার রদবদল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়, রেঞ্জ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে বড় ধরনের রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের ১১ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন

অতিরিক্ত আইজিপি পদে ছয় কর্মকর্তার পদায়ন

একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া ছয় কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমানকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর প্রিন্সিপাল করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেনকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি পদে বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। এসবির অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পাঠানো হয়েছে পুলিশ অধিদপ্তরে।

বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ডিআইজি পর্যায়ে পাঁচ কর্মকর্তার বদলি

অন্য প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়।

পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) পদে পদায়ন করা হয়েছে।

স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। আর মেট্রোরেল পুলিশের ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমানকে এসবির ডিআইজি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD