বাংলাদেশে প্রথমবার শুরু হলো বেসামরিক বিমান চলাচল প্রশিক্ষণ

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাত সম্পর্কে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মৌলিক ও সমন্বিত ধারণা দিতে প্রথমবারের মতো ‘Indoctrination Training on Civil Aviation’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
বিজ্ঞাপন
গতকাল শুক্রবার পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়। সিভিল এভিয়েশন একাডেমি, বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ৪১৫ নম্বর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নীতি নির্ধারণ, প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ২৫ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার কাঠামো ও কার্যক্রম, বেবিচকের দায়িত্ব ও কার্যাবলি, বিমানবন্দর পরিচালনা, ফ্লাইট সেফটি, এভিয়েশন সিকিউরিটি, এয়ার নেভিগেশন সার্ভিস এবং জাতীয় ও আন্তর্জাতিক এভিয়েশন বিধিবিধান নিয়ে আলোচনা করা হবে।
বিজ্ঞাপন
এ ছাড়া আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর মানদণ্ড, এভিয়েশন খাতের বিভিন্ন অংশীজনের ভূমিকা এবং তাদের পারস্পরিক সম্পর্ক সম্পর্কেও কর্মকর্তাদের ধারণা দেওয়া হবে।
আয়োজকদের আশা, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের কাঠামো, পরিচালনা, নিরাপত্তা ও আন্তর্জাতিক মান সম্পর্কে সমন্বিত জ্ঞান অর্জন করবেন। এর ফলে নীতি প্রণয়ন, প্রশাসনিক কার্যক্রম, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ আরও জোরদার হবে।
সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী স্বাগত বক্তব্যে বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে মন্ত্রণালয়ের কর্মকর্তারা এভিয়েশন খাতের কাঠামো ও কার্যক্রম সম্পর্কে সমন্বিত ধারণা লাভ করবেন।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি সিএ অধিশাখার যুগ্মসচিব মো. জুলকার নায়ন বলেন, এ প্রশিক্ষণ এভিয়েশন সংক্রান্ত নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে কর্মকর্তাদের জ্ঞান ও সমন্বয় আরও কার্যকর করবে।
প্রধান অতিথি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম বলেন, এভিয়েশন খাতে নিরাপত্তা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত জ্ঞান ও কার্যকর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপসচিব ডা. মো. গোলাম কবির, উপসচিব মোহাম্মদ মাহাবুব আলম, উপসচিব মো. নুরুল হুদা, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. সোহেল পারভেজ, সিনিয়র সহকারী সচিব আসফিয়া সিরাত এবং মন্ত্রীর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আয়োজকদের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চালু থাকলেও বাংলাদেশে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য এ ধরনের প্রশিক্ষণ এবারই প্রথম আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণটি ১৮-১৯ সেপ্টেম্বর, ২৫-২৬ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর অনুষ্ঠিত হবে। ২ অক্টোবর এর সমাপ্তি হবে।








