৩০ সেপ্টেম্বরের মধ্যে শ্রমিকদের মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।
বিজ্ঞাপন
সংগঠনটি বলেছে, নভেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করে ডিসেম্বর থেকে তা কার্যকর করতে হবে। এর ফলে ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে শ্রমিকেরা ডিসেম্বরের বেতনের সঙ্গে বর্ধিত মজুরি পাওয়ার সুযোগ পাবেন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে আইবিসি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আইবিসি জানায়, পোশাক শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ২০২৩ সালের নভেম্বরে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। পরে শ্রম আইন সংশোধনের মাধ্যমে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। সে হিসাবে নতুন মজুরি নির্ধারণের সময় ঘনিয়ে এলেও এখনো মজুরি বোর্ড পুনর্গঠনের দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না বলে দাবি সংগঠনটির।
সংগঠনটির বক্তব্য অনুযায়ী, মজুরি বোর্ড গঠনের পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন মজুরি কাঠামোর প্রস্তাব সরকারের কাছে দেওয়ার কথা। তবে বোর্ড গঠনে দেরি হলে পুরো প্রক্রিয়াতেই বিলম্ব হতে পারে।
বিজ্ঞাপন
আইবিসি জানায়, গত ৪ আগস্ট শ্রমমন্ত্রীর কাছে চিঠি দিয়ে দ্রুত মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি জানানো হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি বলে সংগঠনটির অভিযোগ।
আইবিসির দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৬ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ১ হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা। ২০১০ সালে তা বেড়ে ৩ হাজার টাকা, ২০১৩ সালে ৫ হাজার ৩০০ টাকা, ২০১৮ সালে ৮ হাজার টাকা এবং ২০২৩ সালে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়।
সংগঠনটি বলছে, বিভিন্ন সময়ে মজুরি বাড়লেও একই সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ব্যয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে। ফলে বর্তমান মজুরি দিয়ে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে বলে দাবি করেছে আইবিসি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নতুন ন্যূনতম মজুরি কত হওয়া উচিত, তা নির্ধারণে সংগঠনটির একটি দল বর্তমানে পর্যালোচনা করছে বলেও জানানো হয়। পর্যালোচনা শেষে সরকারের কাছে প্রস্তাব দেওয়ার পাশাপাশি তা গণমাধ্যমের কাছে তুলে ধরবে সংগঠনটি।
বিজ্ঞাপন
দাবি বাস্তবায়নে একাধিক কর্মসূচিও ঘোষণা করেছে আইবিসি। আগামী ৪ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল শেষে শ্রমমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানিয়েছে তারা। এছাড়া ৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে গাজীপুর, সাভার-আশুলিয়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আইবিসির সভাপতি মীর আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি আমিরুল হক আমিন, সহসভাপতি চায়না রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।








