Logo

বাকেরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
বাকেরগঞ্জ, বরিশাল
১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৩২
বাকেরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে বেল্লাল নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, পূর্ববিরোধের জেরে তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে দুধলমৌ এলাকায় নির্মাণাধীন একটি ভবনের তৃতীয় তলায় বেল্লালের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে বাকেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত বেল্লাল দুধলমৌ গ্রামের ইউনুচ খানের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি ওই নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সকাল ৮টার দিকে স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

নিহতের পরিবারের দাবি, বেল্লালের সঙ্গে কারও পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD