আওয়ামী লীগের অপতৎপরতায় মোটেও শঙ্কিত নয় সরকার

আওয়ামী লীগের চলমান কর্মসূচি ও বিভিন্ন অপতৎপরতায় জনগণ কিংবা সরকার মোটেও শঙ্কিত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় রাতে ককটেল বিস্ফোরণ এবং পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনায় কঠোর সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের কথিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এসব অপতৎপরতা চালানো হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় মোটরসাইকেলসহ কয়েকজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাইকোর্টের ফটক ও যাত্রাবাড়ীর ঘটনায় জড়িতদেরও ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। অন্য ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
তিনি বলেন, জনগণ ও সরকার এসব অপতৎপরতায় মোটেও শঙ্কিত নয়। দেশবাসী ইতোমধ্যে এসব কর্মকাণ্ড প্রত্যাখ্যান ও বর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
বিরোধী দলের কর্মসূচিতে সহযোগিতা
বিরোধী দলের সাম্প্রতিক লংমার্চ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সংস্কৃতিতে রাজনৈতিক দলগুলোর গঠনমূলক সমালোচনা ও কর্মসূচি পালনের অধিকার রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, সম্প্রতি চট্টগ্রাম ও উত্তরাঞ্চলে বিরোধী দলের লংমার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এসব কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক সহযোগিতা করেছে।
বিজ্ঞাপন
রাজনীতিতে জনমতের মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের প্রধান দায়িত্ব হলো শান্তিশৃঙ্খলা বজায় রাখা। পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি দূর করে যেকোনো অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটাতে ১৫০ কূপ খননের পরিকল্পনা
বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি এবং অতীতে দেশীয় গ্যাস অনুসন্ধানে উদাসীনতাকে সংকটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিগত সময়ের পুঞ্জীভূত সমস্যার কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাময়িক সংকট তৈরি হয়েছে। তবে বর্তমান সরকার দেশের নিজস্ব সম্পদ আহরণে গুরুত্ব দিচ্ছে।
শিল্প খাতে গ্যাসের সরবরাহ অব্যাহত রাখতে ২০৩০-৩১ সালের মধ্যে নতুন ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর অংশ হিসেবে তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
নিজস্ব প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ দ্রুত গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকটের স্থায়ী সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিজ্ঞাপন
তেজগাঁওয়ে ২৩ জন আটক, ১১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে
রাজধানীর তেজগাঁওয়ের একটি মসজিদে গোপন বৈঠকের অভিযোগে ২৩ জনকে আটকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, গত শুক্রবার নামাজ শেষে সেখানে গোপন বৈঠক হচ্ছে—গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন খবর পেয়ে ২৩ জনকে আটক করা হয়। পরে তাদের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষা এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আটক ব্যক্তিদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বাকি ব্যক্তিদের বিষয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি নতুন উগ্রবাদী সংগঠন গড়ে তোলার চেষ্টা করছিলেন।
যেকোনো ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করে রিমান্ডে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।








