এত কিছুর পরেও গাজী নজরুলের এমপি পদ থাকে কীভাবে: টিআইবি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যু এবং এর আগে ওঠা যৌন ব্ল্যাকমেলের অভিযোগের নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্ত দাবি করেছে সংস্থাটি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জনপ্রতিনিধিদের জন্য বিশেষায়িত, পূর্ণাঙ্গ ও বাধ্যতামূলক নৈতিক আচরণবিধি প্রণয়নের দাবি জানায়।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, একজন জনপ্রতিনিধিকে ঘিরে ধারাবাহিক গুরুতর অভিযোগ ও নৈতিক প্রশ্ন ওঠার পরও তাঁর সংসদ সদস্য পদ বহাল থাকা সংসদ ও অন্যান্য সদস্যের মর্যাদার জন্য গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় জাতীয় সংসদের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, ফৌজদারি দায় নির্ধারণের এখতিয়ার আদালতের। তবে সংসদ সদস্যের নৈতিকতা, ক্ষমতার ব্যবহার এবং জনগণের আস্থার বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব সংসদের। তাই গাজী নজরুলের সংসদীয় অবস্থান নিয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা সংসদ ও নির্বাচন কমিশনকে স্পষ্ট করার আহ্বান জানান তিনি।
সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে টিআইবি বলেছে, নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্তত দুই বছরের কারাদণ্ড হলে একজন ব্যক্তি সংসদ সদস্য থাকার অযোগ্য হন। তবে গুরুতর নৈতিক স্খলন, স্বার্থের সংঘাত, ক্ষমতার অপব্যবহার কিংবা সংসদের মর্যাদা ক্ষুণ্নকারী আচরণের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে আরও স্পষ্ট বিধান প্রয়োজন বলে মনে করে সংস্থাটি।
বিজ্ঞাপন
গাজী নজরুলকে ঘিরে বর্তমান ঘটনাকে সংসদ সদস্যদের নৈতিক স্খলনের একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, বিভিন্ন গবেষণা ও নির্ভরযোগ্য সূত্রভিত্তিক গণমাধ্যম প্রতিবেদনে এর আগেও জনপ্রতিনিধিদের নৈতিক স্খলনের নানা তথ্য প্রকাশিত হয়েছে। কিন্তু এসব ঘটনায় কার্যকর প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়া হয়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য কার্যকর আচরণবিধির দাবি নতুন নয়। ২০২৪-পরবর্তী সংস্কার প্রস্তাব এবং ২০২৬ সালে বর্তমান সরকারের কাছে দেওয়া সুপারিশেও এ বিষয়ে দাবি জানিয়েছে টিআইবি। সমস্যা চিহ্নিত হওয়ার পরও বাস্তবায়নে আগ্রহের ঘাটতি কেন, সেই প্রশ্নের জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে এর আগে স্পিকার বলেছেন, শুধু দল থেকে বহিষ্কার হলেই সংসদ সদস্য পদ বাতিল হয় না; বিষয়টি আইনগত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের ওপর নির্ভর করবে।








