Logo

ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জের উড়ালপথ চালুর নির্দেশ সেতু সচিবের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:১৮
ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জের উড়ালপথ চালুর নির্দেশ সেতু সচিবের
ছবি প্রতিনিধি।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের অগ্রগতি, নতুন অর্থায়ন এবং চলমান নির্মাণকাজ দ্রুত শেষ করার বিষয়ে চীনা প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) সেতু ভবনে অনুষ্ঠিত এ দ্বিপাক্ষিক বৈঠকে প্রকল্পের সার্বিক অগ্রগতি ও অর্থায়নের বিষয় পর্যালোচনা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামোগত সরকারি-বেসরকারি অংশীদারত্ব প্রকল্প। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এ উড়ালসড়ক নির্মাণ করা হচ্ছে।

প্রকল্পটির মূল উড়ালসড়কের দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। ওঠানামার জন্য সংযোগকারী র‍্যাম্পসহ পুরো প্রকল্পের মোট দৈর্ঘ্য ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। এর মাধ্যমে সড়কের ধারণক্ষমতা বাড়ানো এবং রাজধানীর যানজট কমানোর লক্ষ্য রয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকে প্রকল্পের সার্বিক অর্থায়নের অগ্রগতি জানতে চান সেতু বিভাগের সচিব। জবাবে চীনা প্রতিনিধিদল জানায়, অর্থায়ন-সংক্রান্ত বিষয় দ্রুত নিষ্পত্তিকে তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রক্রিয়াটি এগিয়ে নিতে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

চীনা প্রতিনিধিদল আরও জানায়, বিকল্প ঋণদাতা হিসেবে চীনের শ্যানডং প্রদেশের শীর্ষস্থানীয় দুটি ব্যাংক এ প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

বৈঠকে সেতু বিভাগের সচিব আগামী ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জ পার্কসংলগ্ন আপ-র‍্যাম্পের নির্মাণকাজ শেষ করে তা যান চলাচলের জন্য উন্মুক্ত করার নির্দেশ দেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য চীনা প্রতিনিধিদলসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ের অবশিষ্ট অংশের নির্মাণকাজও দ্রুত শেষ করার ওপর গুরুত্বারোপ করেন সেতু বিভাগের সচিব।

এ ছাড়া উড়ালসড়কের টোল প্লাজাগুলোতে যানবাহনের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে আরএফআইডিভিত্তিক ইলেকট্রনিক টোল আদায় ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সমন্বয় করতে চীনা প্রতিনিধিদলকে অনুরোধ করা হয়।

সেতু বিভাগের সচিব বলেন, ‘প্রকল্পের সুফল ঢাকাবাসীর কাছে দ্রুত পৌঁছাতে হলে বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।’

বিজ্ঞাপন

কাজের গতি বাড়াতে প্রকল্প এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের নির্দেশ দেন তিনি। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের নীতিগত ও পরিচালনাগত সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) প্রকল্পের অবশিষ্ট কাজ নির্ধারিত সময়ে শেষ করতে একটি সুস্পষ্ট ও সময়ভিত্তিক পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে নির্মাণকাজ চলাকালে প্রকল্প এলাকার সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদারের তাগিদ দেন তিনি।

দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD