Logo

বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৮
বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে বাবা ও মায়ের পর ভাষণ দিয়ে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নতুন নজির তৈরি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন তিনি। সাম্প্রতিক একাধিক প্রতিবেদনে এটিকে জাতিসংঘের ইতিহাসে একই পরিবারের বাবা, মা ও সন্তানের রাষ্ট্র বা সরকারপ্রধান হিসেবে সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার প্রথম ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

তারেক রহমানের আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন জিয়াউর রহমান। জাতিসংঘের সরকারি নথিতে ওই অধিবেশনের তৃতীয় প্লেনারি সভায় বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণের তথ্য রয়েছে। ওই অধিবেশনটি নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে অনুষ্ঠিত হয়েছিল।

এর ১৩ বছর পর ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন খালেদা জিয়া। জাতিসংঘের সরকারি রেকর্ডে ওই দিনের প্লেনারি সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার ভাষণ সংরক্ষিত রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জাতিসংঘের নথিপত্র অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে খালেদা জিয়া বিভিন্ন সাধারণ পরিষদ ও বিশেষ অধিবেশনে একাধিকবার বক্তব্য দেন।

এবার ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে ভাষণ দিলেন তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, তিনি বাংলায় বক্তব্য দেবেন।

ভাষণের শুরুতে পারিবারিক এই ধারাবাহিকতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতিসংঘের এই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি স্মৃতিকাতর। একই মঞ্চে তার বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়া বাংলাদেশের জনগণের পক্ষে বক্তব্য দিয়েছিলেন—এবার তিনিও দেশের স্বার্থে এবং শান্তিময় বিশ্বসমাজের প্রত্যাশায় বক্তব্য দিচ্ছেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর ভাষণে জলবায়ু পরিবর্তন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবিক সংকট এবং রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পায়।

তারেক রহমানের এই ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘের সঙ্গে তার পরিবারের চার দশকের বেশি সময়ের সম্পৃক্ততায় নতুন একটি অধ্যায় যুক্ত হলো।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD