Logo

আন্তর্জাতিক বাজারে কমলে দেশেও তেলের দাম কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২০:১৮
আন্তর্জাতিক বাজারে কমলে দেশেও তেলের দাম কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে বাংলাদেশেও অনুপাতিক হারে দাম কমানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ধোলাইখালসংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত প্রতিবাদ সভা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ববাজার এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেলের দাম বেড়েছে। জনগণের ওপর চাপ কম রাখতে প্রথম এক মাস দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। তবে সীমান্ত দিয়ে তেল পাচার রোধ এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য সর্বনিম্ন পরিমাণে মূল্য সমন্বয় করা হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাময়িক এই দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমামাত্রই বাংলাদেশেও অনুপাতিক হারে দাম কমিয়ে আনা হবে।

সমাবেশে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার রাজনৈতিক শৃঙ্খলা রক্ষা, সাংবিধানিক সংস্কার ও গণতন্ত্র সুসংহত করার কাজ করছে। এর মধ্যে একটি রাজনৈতিক গোষ্ঠী সরকারের সাত মাসের মাথায় সরকার পতনের এক দফা ও লং মার্চের মতো কর্মসূচি দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলেও বিরোধীরা রাজপথে নেমেছে। তাঁর দাবি, উত্তরের লং মার্চ শেষ করে দক্ষিণে যাওয়া এবং পূর্ব ও পশ্চিমে কর্মসূচি দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোলেও মানুষ তাদের কৌশল বুঝে গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কোনো স্থান নেই। তাঁর বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে এবং প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও সাবেক নেতাদের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকার ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। তাঁর ভাষ্য, সংশ্লিষ্টরা দেশে ফিরলে বিচারিক প্রক্রিয়ায় আইনগত সুযোগ পাবেন।

রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তিকেন্দ্রিক স্লোগান পরিহারের আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো ব্যক্তির নামে স্লোগান দেওয়ার পরিবর্তে রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

বক্তব্যের শেষে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD