Logo

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৩০
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিগত ১৭ বছরে গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আওয়ামী লীগের যে অংশকে ‘ফ্যাসিবাদী শক্তি’ হিসেবে উল্লেখ করেছেন, তাদের আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ধোলাইখালসংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত প্রতিবাদ সভা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের পর দেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কোনো ঠাঁই নেই। তাঁর বক্তব্য অনুযায়ী, গণহত্যার সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর কথাও বলেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও সাবেক নেতাদের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। তিনি বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায়।

বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সংশ্লিষ্টরা দেশে ফিরলে আইনগতভাবে আপিলের সুযোগ পাবেন। একই সঙ্গে সাজা ভোগ বা বিচারের মুখোমুখি হওয়া থেকে কারও রক্ষা পাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তিকেন্দ্রিক স্লোগান পরিহারের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ব্যক্তির নামে স্লোগান দেওয়ার পরিবর্তে রাজনৈতিক আদর্শকে গুরুত্ব দেওয়া উচিত। ২০২৪ সালের আন্দোলনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক স্লোগানে গণতন্ত্র ও আন্দোলনে নিহতদের প্রতি সম্মানের বিষয়টি তুলে ধরার আহ্বান জানান তিনি।

সরকারের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক শৃঙ্খলা রক্ষা, সাংবিধানিক সংস্কার ও গণতন্ত্র সুসংহত করার কাজ চলছে। এর মধ্যেই একটি রাজনৈতিক গোষ্ঠী সরকারের সাত মাসের মাথায় সরকার পতনের এক দফা ও লং মার্চের মতো কর্মসূচি দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার সুযোগ থাকলেও বিরোধীরা রাজপথে নেমেছে। উত্তরের লং মার্চের পর দক্ষিণে এবং পরে পূর্ব ও পশ্চিমে কর্মসূচির পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

জ্বালানি তেলের মূল্য সমন্বয় নিয়েও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক বাজার ও পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেলের দাম বেড়েছে। সীমান্ত দিয়ে তেল পাচার রোধ এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য দেশে সর্বনিম্ন পরিমাণে মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে বাংলাদেশেও অনুপাতিক হারে দাম কমিয়ে আনা হবে বলে আশ্বাস দেন সালাহউদ্দিন আহমদ। সমাবেশের শেষ দিকে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD