Logo

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা বাড়ানোর তাগিদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২০:২১
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা বাড়ানোর তাগিদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিথ।

বিজ্ঞাপন

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি সশস্ত্র বাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক প্রশিক্ষণ কর্মসূচি, প্রযুক্তিগত সহযোগিতা এবং কৌশলগত যোগাযোগ জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত সামরিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে দুই দেশের পারস্পরিক অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও অবদানের প্রশংসা করেন মেজর জেনারেল ক্রিস স্মিথ। শান্তিরক্ষীদের উন্নত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিশ্বশান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখার ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহও প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের সামরিক সম্পর্কের অগ্রগতির জন্য অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মিকে ধন্যবাদ জানান। মেজর জেনারেল ক্রিস স্মিথের সফরের মাধ্যমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সশস্ত্র বাহিনীর পেশাগত সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD