নারীদের জন্য দ্রুত চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস

নারীদের স্কুল, কলেজ ও কর্মস্থলে যাতায়াতের সুবিধা বাড়াতে দ্রুত আরও ১০০টি পিংক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ১৩টি রুটে চলাচল করা ১৪টি বাসের সংখ্যা চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বিষয়টি জানানো হয়। বৈঠকে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম সভাপতিত্ব করেন।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, কমিটির সদস্য লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান অংশ নেন। বিশেষ আমন্ত্রণে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানও বৈঠকে যোগ দেন।
বৈঠকে মন্ত্রণালয় ও এর অধীন বিভাগ-দপ্তরের সার্বিক কার্যক্রম এবং সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নেওয়া পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমিতে নির্মিত রিসোর্টের বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শনের ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।
বিজ্ঞাপন

এ ছাড়া সড়ক দুর্ঘটনা কমাতে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে সেগুলো সোজা ও প্রশস্ত করার উদ্যোগের কথা জানানো হয়। নতুন সড়ক প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও প্রয়োজনীয়ভাবে সরলরেখায় নির্মাণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বৈঠকে জানানো হয়।
বিআরটিসির পিংক বাস সার্ভিস গত ১৮ আগস্ট ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে ১৩টি রুটে ১৪টি বাস নিয়ে চালু হয়। নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই এ সেবার মূল লক্ষ্য।
এর আগে বিআরটিসি জানিয়েছিল, পিংক বাসের বহরে দ্রুত ১০০টি বৈদ্যুতিক বাস যুক্ত করার প্রক্রিয়া চলছে। এসব বাস কেনার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজ্ঞাপন
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








