Logo

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা অশনি সংকেত: টিআইবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২০:০৩
দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা অশনি সংকেত: টিআইবি
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং কিশোরগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি জড়িতদের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক দলের অভ্যন্তরে আত্মশুদ্ধিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৭ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।

তিনি দাবি করেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে। পুলিশের উপস্থিতিতে এমন ঘটনা ঘটার অভিযোগকে সরকার ও ক্ষমতাসীন দলের জন্য বিব্রতকর বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইফতেখারুজ্জামান বলেন, প্রায় অর্ধশত বছর ধরে দরিদ্র ও অসহায় নারী-শিশুদের স্বাস্থ্যসেবা দেওয়া একটি প্রতিষ্ঠানে হামলা ও জবরদখলের অভিযোগ উদ্বেগজনক। তাঁর মতে, এ ধরনের ঘটনায় রাজনৈতিক দল ও সরকারের প্রতি জনগণের আস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

টিআইবি বিএনপির নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে ২০২৪ সালের আগস্টের পর থেকে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের বিভিন্ন অভিযোগ ওঠার কথা উল্লেখ করেছে।

বিজ্ঞাপন

সংস্থাটির ভাষ্য, বাস টার্মিনাল, ফুটপাত, বাজার, জলমহাল, বালুমহাল, হাটবাজার, ক্যাবল ও ইন্টারনেট ব্যবসাসহ বিভিন্ন খাতে দখল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে বিরোধ ও সংঘর্ষের ঘটনাও ঘটছে। এসব অভিযোগকে টিআইবির বক্তব্য হিসেবেই বিবেচনা করতে হবে।

কিশোরগঞ্জের জলমহাল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ এবং রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনাকেও বিবৃতিতে উল্লেখ করেছে টিআইবি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংস্থাটির মতে, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়; তবে প্রতিটি ঘটনার স্বাধীন তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করা প্রয়োজন।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি বা চাঁদাবাজির অভিযোগ উঠলে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনি পদক্ষেপও নিতে হবে। প্রতিটি ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে জড়িতদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD